
নিজস্ব সংবাদমাধ্যম
গাইবান্ধার সাঘাটায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী নিহত হওয়ার ঘটনায় বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২১ জুন) রাতে জেলা যুবদলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোখলেছুর রহমান মুকুলকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টো এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী বলেন, দলের পরিচয় ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার দায় দল নেবে না। এ ধরনের ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে সাঘাটা উপজেলা চত্বরে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে কথাকাটাকাটির ঘটনা ঘটে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।
এর কিছু সময় পর বোনারপাড়া চৌমাথা এলাকায় হামলার ঘটনা ঘটে। এতে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী গুরুতর আহত হন। পরে তাঁকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
