
নিজস্ব সংবাদমাধ্যম
গাইবান্ধায় শিবির নেতা হত্যার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেন, “গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় আজ দুপুরে প্রকাশ্যে বাজারে সাবেক যুবদল নেতা মুকুল ও তার ভাই পলাশসহ সন্ত্রাসীরা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ও মেধাবী ছাত্র সাইফুল্লাহ বারীকে ধারালো অস্ত্র ও লোহার শাবল দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে। প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই পরিকল্পিত হত্যাকাণ্ড অত্যন্ত বর্বর, কাপুরুষোচিত ও মানবতাবিরোধী।
তিনি বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এ ধরনের রক্তক্ষয়ী ও পাশবিক হামলা কোনো সভ্য সমাজ ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতিতে গ্রহণযোগ্য হতে পারে না। আমি এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত মূল হোতা মুকুল ও পলাশসহ সকল খুনি ও সন্ত্রাসীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা প্রশাসন ও পুলিশের প্রতি জোর দাবি জানাচ্ছি, কোনো রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব যেন এই স্পর্শকাতর মামলার তদন্তকে বাধাগ্রস্ত করতে না পারে, তা অবশ্যই নিশ্চিত করতে হবে।
