
সিলেট জেলা প্রতিনিধি
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা হাল হাওরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামালপুর গ্রামের ছাবির আহমদ (৪০) ও হামিদ মিয়া (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নৌকায় করে তারা তিনজন মাছ ধরতে হাওরে যান। হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা দুই জেলে ঘটনাস্থলেই মারা যান এবং অন্যজন পানিতে পড়ে নিখোঁজ হন। ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে হাওরে তল্লাশি চালাচ্ছে।
