
আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেন যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় ড্রোন হামলার মুখে পড়েছে রাশিয়ার রাজধানী মস্কো। ইউক্রেনের চালানো এই হামলায় প্রায় ২০০ ড্রোন রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে বলে দাবি করেছে মস্কো। তবে কয়েকটি ড্রোন গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ‘এমএনপিজে’-তে আঘাত হানে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা বাহিনী সক্রিয় ছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এক রাতে দেশজুড়ে ৫৫৫টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। হামলার পর শেরেমেতিয়েভো বিমানবন্দরে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর তেল শোধনাগারে হামলার বিষয়টি স্বীকার করে এটিকে রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার অভিযান বলে উল্লেখ করেছেন। পাশাপাশি রস্তোভ ও দখলকৃত এলাকাতেও হামলার দাবি করেছে ইউক্রেন।
