
মো সিরাজুল ইসলাম সজল
ঝালকাঠির নলছিটি উপজেলার হদুয়া অস্থায়ী গরুর হাটে জনস্বার্থে বাজারের হাসিল ফ্রি ঘোষণা করেছেন নলছিটি উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক শহীদ। এতে হাটে আসা গরু ব্যবসায়ী, পাইকার ও সাধারণ ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
হাট পরিদর্শনে এলে শহিদুল হক শহীদকে ফুল দিয়ে বরণ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম সাবু, অ্যাডভোকেট সোহেল বেপারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রচণ্ড রৌদ্রের মধ্যে গরুর হাটে আগত পাইকার ও ব্যবসায়ীদের সুবিধার্থে বিনামূল্যে পানির ব্যবস্থা করা হয়। আয়োজকদের দাবি, সাধারণ মানুষের ভোগান্তি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে শহিদুল হক শহীদ বলেন, মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা বিবেচনা করেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে সাধারণ মানুষ কিছুটা উপকৃত হয়। তিনি আরও বলেন, এ কার্যক্রম বাস্তবায়নে বিভিন্নভাবে সহযোগিতা করছেন নলছিটি-২ আসনের সংসদ সদস্য ইস্টাস সুলতানা ইলেন ভুট্টো।
হদুয়া গরুর হাটের সার্বিক পরিচালনায় দায়িত্ব পালন করেন জি কে সোহাগ, যিনি মোল্লাহাট ইউনিয়ন যুবদলের নেতা হিসেবে পরিচিত। তার সঙ্গে প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোল্লারহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।
