
মো. সিরাজুল ইসলাম সজল
ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ভেরন বাড়িয়া গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী ভেরন বাড়িয়া সিনিয়র আলিম মাদ্রাসা ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হলেও আজও পায়নি কোনো সরকারি ভবন। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি অবকাঠামোগত সংকটের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসাটি এলাকায় ধর্মীয় ও আধুনিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসলেও সরকারি ভবনের অভাবে শিক্ষক-শিক্ষার্থীদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরাজীর্ণ কক্ষ ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেই পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
বর্তমানে মাদ্রাসাটিতে কাঠের নির্মাণের ওপর টিনের ছাউনি দিয়ে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রচণ্ড গরমে শিক্ষক ও শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। এছাড়া চার বছর আগে নির্মিত দুই কক্ষবিশিষ্ট একটি ভবনে ইতোমধ্যে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের কাজের কারণেই ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম বলেন, “দাখিল ও আলিম পরীক্ষায় আমরা প্রায় ৯০ শতাংশ ফলাফল অর্জন করছি। বর্তমানে মাদ্রাসায় ৩১৭ জন শিক্ষার্থী রয়েছে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। আমরা আশা করি, সরকারের আমলে আমাদের মাদ্রাসার জন্য একটি সরকারি ভবন নির্মাণ করা হবে।”
তিনি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এলাকাবাসীর দাবি, দ্রুত একটি আধুনিক ও টেকসই সরকারি ভবন নির্মাণ করা হোক। তাদের মতে, স্থায়ী ভবন নির্মিত হলে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর শিক্ষা পরিবেশ নিশ্চিত হবে।
