
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে মোহন শেখ (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মোহন শেখ ওই গ্রামের মৃত মতলেব শেখের ছেলে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মসিউর রহমানের সমর্থক হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি শের আলী এবং সাধারণ সম্পাদক মসিউর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোহন শেখকে মৃত ঘোষণা করেন।
এদিকে, হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। নিহতের সমর্থকদের বিরুদ্ধে প্রতিপক্ষের বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, আধিপত্য বিস্তারের জেরে এই ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনোও আনুষ্ঠানিক মামলা দায়ের হয়নি।
