
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহ সদরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। এ ঘটনায় জামায়াতের একজন ও বিএনপির তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১৩ মার্চ) সকালে গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকালে মাধবপুর গ্রামের ওহিদুলের বাড়িতে জামায়াতের নারী কর্মীরা তালিম শুরু করে। তালিম শেষে তাদের ওই বাড়িতেই ইফতার মাহফিল করার কথা ছিল। বেলা ১১ টার দিকে জামায়াতের নারী কর্মীদের তালিমের খবর পেয়ে বিএনপি নেতা তরু মুন্সি, তার ছেলে শিপন মুন্সি, হোসেন আলী, শহিদুল ইসলাম, নায়েব আলী, আব্দুল খালেক ও আকবর আলীসহ বেশ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে তালিম বন্ধ করতে বলে।
বাড়ির মালিক ওহিদুল ইসলাম বলেন, জামায়াতের নারী কর্মীরা তালিম করছিল। বিএনপির নেতারা এসে নারীদের গালিগালাজ শুরু করে। আমার প্রতিবেশীদের সঙ্গেও খারাপ আচরণ করে। তারা কয়েকজন বাচ্চাকেও মারধর করে। পরে জামায়াতের পুরুষ কর্মীরা এসব খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে বিএনপি ও জামায়াতের উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে।
