
মেহেরপুর জেলা প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে রাইপুর ইউনিয়ন পরিষদের ভিজিএফের চাল বিতরণ ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্বকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে উপজেলা বিএনপি সভাপতি আলফাজ উদ্দিন কালু, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এলাঙ্গী গ্রামের মোশাররফ হোসেন কালু, স্থানীয় নেতা খাইরুল ইসলাম ও রাসেল আহমেদকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, গরিবদের জন্য বরাদ্দ বিভিন্ন সুযোগ সুবিধা তার নিজের লোকজনের মধ্যে ভাগ বাটোয়ারা করছেন। এর প্রতিবাদ জানাতে বিএনপির স্থানীয় লোকজন কাউন্সিলে আসেন। সকাল ১০টা থেকেই উপজেলা বিএনপি সভাপতি আলফাজ উদ্দিন কালুর লোকজন লাঠি নিয়ে কড়ইগাছি মোড়ে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারগিদুল ইসলামের লোকজন রাইপুর ইউনিয়ন পরিষদের ভেতরে লাঠি নিয়ে অবস্থান করছিলেন। পরে তারা একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়াা দিলে সংঘর্ষ শুরু হয়। উত্তেজনা নিরসনে বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।
বিএনপির গাংনী উপজেলা সভাপতি আলফাজ উদ্দিন কালু ও তাদের লোকজনের দাবি, সারগিদুল ইসলাম অবৈধভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাশ বলেন, ‘বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বতর্মানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
