
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়লো ইনকিলাব মঞ্চ
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড় থেকে এই নতুন কর্মসূচি ঘোষণা করে অবরোধ স্থগিত করার কথা জানায় সংগঠনটি।
এর আগে জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবস্থান কর্মসূচি চলাকালে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, আগামী দুই দিন তারা বাংলাদেশপন্থি সকল রাজনৈতিক দলের সঙ্গে হাদি হত্যার বিচারসহ চার দফা দাবি নিয়ে আলোচনা করবেন। একই সঙ্গে তিনি ৭ জানুয়ারির মধ্যে এই হত্যাকাণ্ডের চার্জশিট দাখিলের আলটিমেটাম দেন।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২২ কর্মদিবসের মধ্যে বিচার নিশ্চিত করা না হলে সরকার পতনের এক দফা আন্দোলনে নামবে ইনকিলাব মঞ্চ।
সমাবেশে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আপনাদের সঙ্গে যদি কেউ বৈঠক করতে আসে, আপনারা অবশ্যই বৈঠক করবেন। কিন্তু সেই বৈঠক হতে হবে প্রকাশ্য; কোনো গোপন বৈঠক মেনে নেওয়া হবে না। বিশেষ করে দিল্লির সঙ্গে আমাদের কোনো গোপন আঁতাত চলবে না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের তিন পাশেই ভারতীয় আধিপত্যবাদ, যার কারণে আমরা এর বিপক্ষে কথা বলি। এখন যদি আমেরিকাও বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায়, আমরা তাদের বিরুদ্ধেও কথা বলব। আমরা কারো কাছেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিলিয়ে দেব না।’
শহীদ ওসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, হাদি আমাদের লড়াইয়ের পথ দেখিয়ে গেছেন। বাংলাদেশের বিরুদ্ধে সব ধরনের আধিপত্যবাদের অবসানে এই লড়াই কেবল শুরু এবং তা চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। সন্ধ্যায় কর্মসূচি ঘোষণার পর নেতাকর্মীরা শাহবাগ মোড় ছেড়ে দিলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
