
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসনে বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে মিন্টু পাট্টাদার (৪২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মিন্টু গাজিরটেক ইউনিয়নের পাট্টাদার গ্রামের বাসিন্দা জামিল পাট্টাদারের ছেলে। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের বাবলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে চরভদ্রাসন থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা মরদেহ উদ্ধার করে। ট্রাক চালক আবির হোসেন (২১)-কে আটক করেছে পুলিশ। আবির ফরিদপুর জেলা সদরের কানাইপুর এলাকার বড় মাধবপুর গ্রামের বাসিন্দা রেজাউল করিমের ছেলে।
পুলিশ জানায়, ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কের বাবলাতলা নামক স্থানে মাদরাসার পাশে বালু ফেলে যাওয়ার সময় একটি রেজিস্ট্রেশন বিহীন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মিন্টু ছিটকে রাস্তার ঢালে পরে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ট্রাকের চালককে আটক করা হয়েছে। বালুবাহি ডাম্প ট্রাকটিও জব্দ করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা ও নিরাপত্তা আইন ২০১৮ এর ১০৫/৯৮ ধারায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
