
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি থানায় ধর্ষণ ও জোর করে ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়েরকৃত মামলায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সংগঠনটির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়া প্রধানকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। শনিবার (১৩ জুন) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
তিনি বলেন, দাউদকান্দি থেকে শিবির নেতা জিসান মিয়া প্রধান অপহৃত হননি। এক নারীর করা ধর্ষণের অভিযোগ ও বিয়ের চাপ এড়াতে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও বলেন, গত ১১ জুন রাত সাড়ে ৮টার দিকে দাউদকান্দি বাজার এলাকা থেকে জিসান মিয়া প্রধান নিখোঁজ হয়েছেন উল্লেখ করে পরদিন ১২ জুন দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অপহরণের বিষয়টি ছড়িয়ে পড়ে। এরপরই জিসানকে উদ্ধারে জেলা পুলিশের একাধিক দল মাঠে নামে। তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে, প্রায় ৫-৬ মাস আগে ফেসবুকের মাধ্যমে দাউদকান্দি এলাকার এক তরুণীর সঙ্গে জিসানের পরিচয় হয়। পরবর্তীতে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২০ মে দাউদকান্দি এলাকায় জিসানের ভাড়া বাসায় ওই তরুণী ধর্ষণের শিকার হন।
