
সোহাগ মল্লিক : ঢাকা জেলা প্রতিনিধি
২৪ ঘণ্টায় রাজধানীতে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। আগামী দুইদিন রংপুর ও সিলেট বিভাগের দুয়েকটি এলাকা ছাড়া সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে তাপমাত্রা ক্রমেই বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার আগের দিনের তুলনায় সারা দেশে শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস দিনের তাপমাত্রা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর আজ রেকর্ড করা হয়েছে যশোরে ৩৪ দশমিক ৮ সেলসিয়াস। এসময় রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগেরদিন ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আগের দিনের তুলনায় রাজধানীতে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে।
বৃষ্টিপাতের পরিমাণ ও পরিধিও কমেছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সংস্থাটির ৫১ টি স্টেশন পর্যবেক্ষণের কেন্দ্র এলাকার মধ্যে মাত্র ১৬টি এলাকায় বৃষ্টি হয়েছে। এরমধ্যে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছে নীলফামারীর ডিমলায় ৩১ মিলিমিটার। অর্থাৎ আগের কয়েকদিনের তুলনায় সারাদেশেই বৃষ্টি একেবারে কমে এসেছে। আজ রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।
সংস্থাটি বলছে, আগামী ৪৮ ঘণ্টায় রংপুর ও সিলেট বিভাগের দুয়েকটি এলাকায় ছাড়া সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে তাপমাত্রা ক্রমেই এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এতে আবারও দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
সংস্থাটি কর্মকর্তা বলছেন, আগামীকাল শনিবার থেকে আবারও তাপপ্রবাহ শুরু হয়ে টানা কয়েকদিন চলতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বৃষ্টিপাত কমে দিন এবং রাতের তাপমাত্রা আরও বাড়বে। এছাড়াও চলতি মাসের শুরুর দিকে দীর্ঘ পূর্বাভাসেও এক থেকে তিনটি তাপপ্রবাহ বয়ে যাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
আজ রাত ১০টার দিকে আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান বলেন, আবহাওয়ার যে পরিস্থিতি তাতে আগামী কয়েকদিন তাপমাত্রা ক্রমেই বাড়বে। এতে আবারও তাপপ্রবাহ দেখা দিতে পারে।
এর আগে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়, আগামীকাল শনিবার ও রোববার রংপুর ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বেশিরভাগ এলাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এতে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এরপর ধীরে ধীরে সারাদেশে তাপমাত্রা আরো বাড়বে।
