
সিলেট জেলা প্রতিনিধি
সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালালের (রহ.) মাজারের দানব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিন ধরে দানের অর্থ ব্যবস্থাপনায় প্রচলিত অনিয়ম দূর করে মাজার, মসজিদ ও মাদরাসার উন্নয়নে সুশাসন প্রতিষ্ঠাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে প্রশাসন। তাদের এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে নানা মহলে। আলেমদের পক্ষ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, শাহজালাল মাজারকে কেন্দ্র করে সাধারণ মানুষের আবেগকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে ‘ডেগ ব্যবসা’ পরিচালিত হয়ে আসছিল। মাজার জিয়ারতের স্থান। সেখানে শায়িত কোনো অলির অর্থের প্রয়োজন নেই। মানুষ মাজারে অর্থ দান করার পরিবর্তে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারে।
একই সঙ্গে তিনি মাজারে কুমির, ডেগ, চাদর বা কলসিতে মানত ও আশা পূরণের উদ্দেশ্যে অর্থ প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সুন্নাহসম্মত পদ্ধতিতে জিয়ারতের ওপর গুরুত্বারোপ করেন।
বিশিষ্ট ইসলামি আলোচক মাওলানা রুহুল আমিন সাদী (সাইমুম সাদী) জেলা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, দীর্ঘদিন ধরে মাজারে ভক্তদের দেওয়া দান-সদকার অর্থ মুতাওয়াল্লিরা বংশপরম্পরায় ভোগ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সেই ব্যবস্থায় পরিবর্তন আনতে গেলে কিছু প্রতিক্রিয়া আসা স্বাভাবিক। তবে সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।
