
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে নেমেছে বিএনপির দুই গ্রুপ। ওসির অপসারণ দাবিতে এক পক্ষ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করলেও অপর পক্ষ পাল্টা কর্মসূচি দিয়ে এর প্রতিবাদ জানিয়েছে। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে জেলার রাজনৈতিক অঙ্গন।
দুই গ্রুপের একটির নেতৃত্বে রয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। অপরটির নেতৃত্বে রয়েছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম। সম্পর্কে তারা চাচাতো ভাই। দীর্ঘদিন ধরেই স্থানীয় রাজনীতিতে তাদের দ্বন্দ্ব প্রকাশ্যে রয়েছে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া নিয়েও তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়।
জানা যায়, গত ৬ জুন রাতে রংপুর শহর থেকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আদিতমারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজার রহমানকে নাশকতার একটি মামলায় গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশ। মামলাটির এজাহারে তার নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে থানায় আনা হলে উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম ওসিকে ফোন করে গ্রেপ্তারের কারণ জানতে চান। এ সময় তাকে জানানো হয় যে তিনি মামলার এজাহারভুক্ত আসামি। এরপর থেকেই ওসির সঙ্গে বিএনপির ওই গ্রুপের দূরত্ব তৈরি হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এদিকে, একই মামলায় গত বুধবার রমজান আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। উপজেলা বিএনপির আহ্বায়কপন্থি নেতারা দাবি করেন, রমজান আলী গোড়ল ইউনিয়ন মৎস্যজীবী দলের সহ-সাংগঠনিক সম্পাদক। তার গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির একটি অংশ। কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম।
সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম অভিযোগ করেন, প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে সুবিধা নিয়ে তাদের গ্রেপ্তার না করে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কালীগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিকের অপসারণ দাবি করে ১২ ঘণ্টার আল্টিমেটাম দেন। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তিনি। তবে এ বিষয়ে জেলা বা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, তাৎক্ষণিক সিদ্ধান্তে কর্মসূচি দেয়া হয়েছে, পরে বিষয়টি ঊর্ধ্বতন নেতাদের জানানো হবে।
অপরদিকে, আওয়ামী লীগ নেতা আজিজার রহমানকে গ্রেপ্তারের পর ওসির অপসারণ দাবিতে বিএনপির একাংশের আন্দোলনের প্রতিবাদে রোববার দুপুরে কালীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করে এমপি বাবুল সমর্থিত গ্রুপ। এ সময় বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।
