
নিজস্ব সংবাদমাধ্যম
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ জুন রোববার ২ দিনের সফরে কক্সবাজার আসছেন। সফরকালে কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান ৮টি কর্মসূচীতে যোগদান করবেন। স্বরাষ্ট্র মন্ত্রীর প্রেস সচিব ছাফওয়ানুল করিম এ তথ্য জানিয়েছেন। সুত্র মতে, প্রাথমিকভাবে নির্ধারণ করা প্রোগ্রাম গুলো যেকোন সময় পরিবর্তন ও সংশোধন হতে পারে।
প্রাথমিক প্রোগ্রাম লিস্ট অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ জুন রোববার সকাল ১০ টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। বিমানবন্দর থেকে সড়কপথে তিনি সকাল ১১ টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারী পার্কে যাবেন। সেখানে তিনি বৃক্ষরোপণ উদ্বোধন ও সাফারী পার্ক পরিদর্শন করবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান পেকুয়ার মেহেরনামা মুরাপাড়ায় শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জেয়ারত করতে যাবেন। এরপর নবগঠিত পেকুয়া পৌরসভার প্রশাসনিক যাত্রার ফলক উম্মোচন করবেন। পেকুয়ায় স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর বাসভবন “সাঈদ ম্যানশন” এ অবস্থান ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি। একইদিন বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান নবগঠিত মাতামুহুরী উপজেলার প্রশাসনিক যাত্রার ভিত্তি প্রস্থর স্থাপন করবেন এবং বিকেল সাড়ে ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে অনুষ্ঠিতব্য জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জনসভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার পৌঁছে সন্ধ্যা ৭টায় সার্কিট হাউসে কক্সবাজারের উর্ধ্বতন কর্মকতাদের সাথে মতবিনিময় করবেন। তিনি সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।
পরদিন ১৫ জুন সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। মতবিনিময়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ২দিনের সফর শেষে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে ছাফওয়ানুল করিম জানিয়েছেন। এসব প্রোগ্রাম সম্পূর্ণ প্রাথমিকভাবে নির্ধারন করা হয়েছে। যেকোন সময় প্রোগ্রাম গুলো সংশোধন ও বাতিল হতে পারে। তবে এ প্রোগ্রাম সমুহ প্রাথমিকভাবে নির্ধারণ করে চুড়ান্ত লিস্ট করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রীর প্রেস সচিব ছাফওয়ানুল করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে আগমনের সার্বিক প্রস্তুতি মনিটরিং করতে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ আগামী ১২ জুন শুক্রবার কক্সবাজার আসছেন।
