
নিজস্ব সংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করতে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রস্তাব পাঠিয়েছিল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; কিন্তু প্রস্তাবে সম্মত হননি প্রধানমন্ত্রী তারেক রহমান।
কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি ২০০৬ সালে ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে প্রতিষ্ঠিত হয়। এটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীন পরিচালিত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্রে জানা গেছে, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঈদুল আজহার আগে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে করার প্রস্তাব পাঠায়। ওই সূত্রের দাবি, গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেননি।
সূত্রটি আরও জানিয়েছে, মায়ের নামে নামকরণের প্রস্তাব অনুমোদন না করে উল্টো এ বিষয়ে প্রধানমন্ত্রী নতুন প্রতিষ্ঠান গড়ে নামকরণ করার অনুশাসন দেন। বিষয়টিকে দেশের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে নাম পরিবর্তনের ধারার বিপরীতে একটি দৃষ্টান্তমূলক অনুশাসন বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
