
সোহাগ মল্লিক: ঢাকা জেলা প্রতিনিধি
সকালে ভারী বৃষ্টি হলেও স্বস্তি মিলেনি রাজধানীবাসীর। সারাদিনে জ্যৈষ্ঠের খরতাপ আর ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তাপমাত্রা না বাড়লেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে ভ্যাপসা গরম বেশি অনুভুত হচ্ছে। এ অবস্থা আরো কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়ায় দপ্তর।
এ প্রসঙ্গে রোববার সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আমার দেশকে বলেন, মনে হচ্ছে তাপমাত্রা অনেক বেড়েছে, প্রকৃতপক্ষে আগের দিনের তুলনায় রাজধানীসহ সারাদেশে তাপমাত্রা আগের দিনের তুলনায় কমেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম বেশি অনুভুত হচ্ছে।
তিনি বলেন, শুক্রবার থেকে যে তাপপ্রবাহ শুরু হয়েছে তা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে দেশের বিভিন্ন স্থানে। তবে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা নেই। উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির কারণে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকতে পারে।
আগের দুইদিন দেশের ১৩ জেলার ওপর দিয়ে বয়ে গেলেও রোববার তা কমে ৭ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। রোববার মাদারীপুর, রাজশাহী, পাবনা, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যায় এবং তা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
