
আন্তর্জাতিক ডেস্ক
তামিলনাড়ুর রাজনীতিতে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। সর্বোচ্চ ১০৭টি আসন জিতেও সরকার গঠন করতে পারছে না দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কোজাগাম (টিভিকে)। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮ আসন, কিন্তু কংগ্রেসকে সঙ্গে নিয়েও টিভিকে জোটের আসনসংখ্যা দাঁড়িয়েছে ১১২-তে।
এর মধ্যেই জোর গুঞ্জন উঠেছে— টিভিকে-কে ক্ষমতার বাইরে রাখতে জোট গড়তে পারে ডিএমকে ও এআইডিএমকে। দুই দলের শরিকদের হিসাব মিলিয়ে সম্ভাব্য জোটের আসনসংখ্যা পৌঁছে যেতে পারে ১২৩-এ, যা সরকার গঠনের জন্য যথেষ্ট।
এই পরিস্থিতিতে বড় হুঁশিয়ারি দিয়েছে টিভিকে। দলের একাধিক নেতা জানিয়েছেন, যদি ডিএমকে ও এআইডিএমকে এক হয়ে সরকার গঠনের পথে এগোয়, তাহলে বিজয়সহ টিভিকের নির্বাচিত ১০৭ জন এমপি একযোগে পদত্যাগ করবেন।
দলের এক জ্যেষ্ঠ নেতা বলেন, “জনগণ সবচেয়ে বেশি আসন দিয়েছে টিভিকে-কে। বৃহত্তম দলকে উপেক্ষা করে সরকার গঠনের চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না।”
গত ৬ মে কংগ্রেসের এমপিদের সঙ্গে নিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে সরকার গঠনের দাবি জানান বিজয়। তবে রাজ্যপাল স্পষ্ট করে দেন, সরকার গঠনের জন্য ১১৮ জন এমপির সমর্থন প্রয়োজন।
এরপর থেকেই নতুন জোটের সমীকরণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। ডিএমকের একটি সূত্র জানিয়েছে, এআইডিএমকের সঙ্গে আলোচনা চলছে এবং জোট গঠিত হলে মুখ্যমন্ত্রী হতে পারেন এড়াপাদ্দি কে. পালানিস্বামী।
এদিকে টিভিকের হুঁশিয়ারি ঘিরে তামিলনাড়ুর রাজনীতিতে বাড়ছে উত্তেজনা। যদি সত্যিই দলটি একযোগে পদত্যাগ করে, তাহলে রাজ্যে ফের বিধানসভা নির্বাচনের সম্ভাবনাও তৈরি হতে পারে।
