
সিলেট জেলা প্রতিনিধি
সময় তখন ভোর ৬টা। পুব আকাশে কেবল আলোর আভা ফুটতে শুরু করেছে। ২২ জন নির্মাণ শ্রমিকের চোখে তখন রঙিন কোনো স্বপ্ন নয়, বরং সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর কয়েকশ টাকা পারিশ্রমিক পাওয়ার নিশ্চয়তা। লক্ষ্য ছিল সুনামগঞ্জে একটি বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ। কিন্তু সেই ছাদ আর ঢালাই করা হলো না তাদের। দক্ষিণ সুরমার নাজিরবাজারের তেলিবাজারে রাজপথ রঞ্জিত হলো তাদেরই রক্তে।
রোববার (৩ মে) ভোরেনসিলেটের দক্ষিণ সুরমায় ঢাকা-সিলেট মহাসড়কে কাঁঠালবাহী ট্রাক ও শ্রমিকবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৮ জন নির্মাণ শ্রমিক। এই মৃত্যু কেবল কিছু সংখ্যা নয়, বরং ৮টি পরিবারের মেরুদণ্ড ভেঙে যাওয়ার মর্মান্তিক গল্প।
নির্মাণ শ্রমিক আমিনুল জানান, সকালে একসঙ্গে আম্বরখানায় ছিলাম। পরে তারা ডিআই পিকআপে করে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। এছাড়া অনেকে আহত হয়েছেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী একটি কাঁঠাল বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীতমুখী শ্রমিকবাহী পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ডতায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে।
