
সোহাগ মল্লিক: ঢাকা জেলা প্রতিনিধি
আগামী দুইদিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরো কালবৈশাখী ঝড় ও অতি বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া অতি ভারী বৃষ্টির কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত কালবৈশাখী ঝড়ের একটি সতর্কবার্তায় বলা হয়েছে, আজ শনিবার দুপুর একটা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
পৃথক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় শনিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
এদিকে, সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত পৃথক সতর্কবার্তায় বলা হয়, দেশের নদীবন্দর সমূহকে বারবার এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে সমুদ্র বন্দরসমূহ থেকে সতর্কবার্তা তুলে নেওয়া হয়েছে।
