
নিজস্ব সংবাদদাতা
প্রাথমিক ও শিক্ষা প্রতিমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা চলমান আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। আজ সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে চাকরিপ্রার্থীরা বলেন, প্রাথমিক ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করার আশ্বাস দিয়েছেন। এছাড়া মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিও প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আমরা সরকারের প্রতি ভরসা রাখছি।
এসময় প্রার্থীরা যৌক্তিক সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম শুরুর দাবি জানান। এছাড়া সোমবার বিকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের নিন্দাও জানান আন্দোলনকারীরা।এর আগে সোমবার বিকেলে রাজধানীর মিরপুর-২ এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে চাকরিপ্রত্যাশীদের ওপর লাঠিচার্জ করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন প্রার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনে অংশ নেওয়া এক চাকরিপ্রার্থী জানান, বিকেল সাড়ে তিনটার পর পুলিশ গিয়ে চাকরিপ্রত্যাশীদের অধিদপ্তরের সামনে থেকে সরে যেতে বলে। এ জন্য ১০ মিনিট সময় বেধে দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা ঘটনাস্থল ত্যাগ না করলে হঠাৎ করেই লাঠিচার্জ শুরু করে পুলিশ। এতে কয়েকজন চাকরিপ্রত্যাশী আহত হয়েছেন।তবে মিরপুর মডেল থানার ওসি গিয়াস উদ্দিন মিয়া দাবি করেন, আন্দোলনকারীদের ওপর পুলিশ কোনো ধরনের হামলা বা লাঠিচার্জ করেনি।
