
সোহাগ মল্লিক: ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও হাজী মুহাম্মদ মুহসিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মাহি চৌধুরী অর্ণবকে কোটি টাকা প্রতারণার অভিযোগে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর উত্তর ইব্রাহিমপুরে মাহিকে আটক করেন কয়েকজন ভুক্তভোগী। পরে রাতেই তাকে ছাত্রদলের সকল সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অর্ণবকে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়। ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখার আহ্বায়ক সদস্য মাহি চৌধুরী অর্ণব-কে তার সকল সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘উপরোক্ত ব্যক্তির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা সকল পর্যায়ের নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ের কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।’
জানা গেছে, মাহি নিজেকে ক্যাটফুড ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেনে জড়ান। তিনি জানান যে তার ২০ থেকে ২২টি দোকান রয়েছে এবং তিনি বড় পরিসরে ব্যবসা পরিচালনা করেন। একই কৌশলে ঢাবির একাধিক শিক্ষার্থীসহ আরও অনেকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন মাহি।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসাইন বলেন, মাহির বিরুদ্ধে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা তার অবস্থান নিশ্চিত করলে পুলিশ তাকে আটক করে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
