
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় আজ সকাল ৮টা থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে কার্ড ছাড়া তেল সরবরাহ বন্ধ থাকবে। এই উদ্যোগে উপজেলার মোটরসাইকেল চালক ও অন্যান্য যানবাহনের মালিকরা অংশ নিচ্ছেন।
ভোর রাত থেকেই চালকরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়েছেন। ফলে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কার্ড সংগ্রহ করতে দেখা গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরে জানানো হয়েছে, সুবিধার্থে জেলার প্রতিটি উপজেলা থেকে ইউনিয়নভিত্তিকভাবে কার্ড বিতরণ করা হবে।
উপজেলার সাবলপুরের শিক্ষক আবুবক্কার মাস্টার বলেন, ভোর ৪টায় লাইনে দাঁড়িয়ে সকাল ৮টার দিকে কার্ড হাতে পেলাম। এই কার্ডের মাধ্যমে তেল সংগ্রহ অনেক সহজ হবে।
বদলপুর গ্রামের বাসিন্দা আরিফ বিশ্বাসও জানান, চালকদের জন্য এটি অত্যন্ত সহায়ক উদ্যোগ।
জেলা প্রশাসকের নির্দেশনায় রোববার জ্বালানি তেলের মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহার সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, জেলা ও উপজেলা পর্যায়ে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হবে এবং কার্ড ছাড়া তেল সরবরাহ করা হবে না।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শাহিন আলম জানান, সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে সব উপকারভোগীর কাছে কার্ড পৌঁছে দেওয়া হবে।
এই উদ্যোগ চালকদের জন্য তেল সংগ্রহকে সহজ করবে এবং জ্বালানি তেলের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করবে। জেলা প্রশাসন আশা করছে, কার্যক্রমের মাধ্যমে তেল বিতরণে অপ্রয়োজনীয় ভিড় ও বিশৃঙ্খলা কমবে।
