
রংপুর জেলা প্রতিনিধি
অনির্দিষ্টকালের জন্য ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ
জ্বালানি তেল পরিবহনের সময় রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের তিন শ্রমিককে জেল ও জরিমানা করার প্রতিবাদে কর্মবিরতি করেছে শ্রমিকরা।
আজ রোববার (২৯ মার্চ) সকাল থেকে এ কর্মসূচি পালন করছে সংগঠনটি। ফলে উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ম্যানেজার, চালক ও সহকারী চালককে মুক্তি ও নীলফামারী জেলার এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূঁইয়াকে অপসারণ না করলে কঠোর আন্দোলনে ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।
দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপো থেকে রবিবার সকাল ৮টা থেকে উত্তরাঞ্চলের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।
রবিবার বেলা সোয়া তিনটায় বিপিসির আওতাধীন জ্বালানি তেল সরবরাহের তিন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের পার্বতীপুর রেলওয়ে অয়েল হেড ডিপোর ইনচার্জ মো. আহসান হাবিব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জ্বালানি তেল পরিবহণের সময় তিনজন শ্রমিককে ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হয়েছে। এর ফলে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহসহ সব ধরনের কার্যক্রম স্থগিত হয়ে পড়েছে। পেট্রল পাম্প মালিকরাও শ্রমিকদের এ আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন।
শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, জ্বালানি তেল নিয়ে নীলফামারীর দিকে যাওয়ার সময় একটি তেলবাহী লরিতে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। সেটি ঠিক করতে গাড়িটি থামিয়ে কেবিন খুলে তারা মেরামতের কাজ করছিলেন। এ সময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূঁইয়া সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি লরিটি তল্লাশি করে কেবিনে দুটি জারকিনে ১০ লিটার পেট্রল ও ২ লিটার ডিজেল উদ্ধার করেন।
