
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত এবং ছয়জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পলিপ্রায়াগপুর ইউনিয়নের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চন্ডিপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন হলেন, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন। অপরজন দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলে প্রাথমিকভাবে জানা গেলেও, এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর সঠিক পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ তাঁর পরিচয় উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয়রা জানায়, বালুবাহী একটি ট্রাকের চাকা পাংচার হলে রাস্তার একপাশে ট্রাকটি দাঁড়িয়ে ছিলো। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী হেরিটেজ পরিবহনের একটি বাস (নাইট কোচ) চন্ডিপুর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত ছয়জনকে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এবং একজনকে ইতিমধ্যেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বিঘিত হলেও দ্রুত তা স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।
