
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ২ সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ২ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে।
নিহত সিএনজি আরোহীরা হলেন, মোঃ আব্দুল জলিল (৬৫) দেবিদ্বার উপজেলার ৩ নং সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের মৃত: আব্দুল মান্নানের ছেলে। অপরজন পৌর ৪নং ওয়ার্ড বড়আলমপুর গ্রামের চানগাজির বাড়ির মৃত খোকন মিয়ার স্ত্রী মমতাজ বেগম(৪৬)।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৭ মার্চ) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
ঘটনাস্থলে নিহত জলিল মিয়া কি কারনে কোথায় যাচ্ছিলেন তার পরিবারের কেউ বলতে পারেননি। তবে তিনি হলুদ, মরিচের ব্যবসা করতেন বলে তারা জানান। অপরদিকে মমতাজ বেগম তার বাপের বাড়ি ফুলতলি যাওয়ার পথে দূর্ঘটনায় গুরুতর আহত হন। আহতাবস্থায় কুমেক হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকা নেয়ার পথে একইদিন বিকেল ৫ টায় তার মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লা থেকে ব্রাক্ষনবাড়িয়াগামী একটি যাত্রীবাহী নিউ সুগন্ধা পরিবহন, কোম্পানীগঞ্জ থেকে ময়নামতিগামী একটি যাত্রীবাহী সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজি আরোহী জলিল নিহত ও চালকসহ ৩ জন মারাত্মক আহত হন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা আহত সিএনজি চালক মো. ইসমাইল(২৬) জানান, তিনি কোম্পানীগঞ্জ থেকে ৩ যাত্রী নিয়ে ময়নামতি যাওয়ার পথে অনুমান বেলা সোয়া ১টায় সময় কালিকাপুর বাস স্ট্যাশনের পাশে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি নিউ সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজি টিকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় চালকের মাথা ফেটে যায়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
এদিকে নিউ সুগন্ধা বাস চালক মো. রাজা মিয়া(৩৫)’কে গনপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করেন স্থানীয়রা। বাস চালক মো. রাজা মিয়া হবিগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।
এবিষয়ে মীরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, নিহত বৃদ্ধের মরদেহ ছোরত হাল করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। নারীর মৃত্যুর খবরটি আমাদের জানা ছিলনা, আপনার মাধ্যমে জানলাম। এ ঘটনায় নিহত জলিল মিয়ার ছেলে জালাল হোসেন একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দূঘটনায় কবলিত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। গণপিটুনিতে আহত বাস চালককে স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা সেবা দিয়ে আটক রাখা হয়েছে।
