
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অসামাজিক কার্যকলাপ বন্ধে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযানে সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর মেজর রোকনুজ্জামান। তিনি জানান, শহরের কয়েকটি আবাসিক হোটেল ও সন্দেহভাজন স্থানে তল্লাশি চালানো হয়। তল্লাশি অভিযানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বেশ কয়েকজন নারী-পুরুষকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন- শিমু, অঞ্জনা, তামান্না, মথুরা রানী মণ্ডল, রুনা বেগম, শারমিন আক্তার, খাদিজা আক্তার, জেসমিন আক্তার ও রত্না বেগমসহ আরও কয়েকজন। পরে তাদের ফরিদপুর সার্কিট হাউসে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল সুলতানা। আদালত প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ফরিদপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এছাড়া অভিযানের সময় লিটন হোসেন, শাকিল আলম ও শরিফ আবিদ হোসেন দিনারসহ মোট ২০ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান। আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন এবং সবাইকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই যৌথ বাহিনী এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সংশ্লিষ্ট এলাকা থেকে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করা হয়।
জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
