
নিজস্ব প্রতিবেদক
কবে শপথ নিচ্ছে নতুন সরকার জানালেন মির্জা ফখরুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর আগামী রোববার (১৫ ফেব্রুয়ারি) নতুন সরকার গঠনের সম্ভাবনার কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
মির্জা ফখরুল বলেন, এ বিজয় জনগণের দীর্ঘদিনের সঞ্চিত ভালোবাসা ও আস্থার বহিঃপ্রকাশ। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি তাদের ‘জুলাই সনদ’-এ দেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নে কাজ করবে। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের বিধান রয়েছে।
এদিকে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, শুক্রবারই ২৯৭টি আসনের গেজেট প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মোট ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও আইনি জটিলতার কারণে দুটি আসনের ফল স্থগিত রয়েছে। ফলে আপাতত ২৯৭ জন সংসদ সদস্য শপথ নেবেন। গেজেট প্রকাশের পর দ্রুততম সময়ের মধ্যেই নতুন মন্ত্রিসভা শপথ নিতে পারে বলে জানা গেছে।
