
লক্ষিপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এ আর হাফিজ উল্যাহর একটি বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগকালে তিনি দাবি করেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে জান্নাত অবধারিত এবং ভোট না দিলে গুনাহ হবে।
প্রচারণাকালে দেওয়া বক্তব্যে হাফিজ উল্যাহ স্থানীয়দের উদ্দেশে বলেন, আপনারা যদি ইসলামের পক্ষে ও কোরআনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেন, তবে সওয়াবের ভাগীদার হবেন এবং আপনাদের জন্য জান্নাত অবধারিত। কিন্তু কোরআনের বিরুদ্ধে ভোট দিলে গুনাহগার হবেন। তিনি আরও অভিযোগ করেন যে, অন্য দলগুলো নির্বাচিত হলে টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং প্রজেক্টের টাকা আত্মসাৎ করবে। এছাড়া বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও জেলে কার্ডের মতো সরকারি সুবিধাগুলো সাধারণ মানুষ সঠিকভাবে পাচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।
