
শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যানসহ আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শৌলপাড়া মনর খান উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আ. মান্নান খান ভাসানী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজ খান, শৌলপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা ইদ্রিস খান এবং ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আলমগীর বেপারী।
