
আসান্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, সংসদ নির্বাচন ও গনভোটের তফসিল এ সপ্তাহে ঘোষণা হবে। তার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে পুরো কমিশন।
রোববার (৭ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোটের আগে-পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, এর আগের নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলত বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা শুরু হত। এবার তা এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। সোমবার বিটিভিকে চিঠি দেয়া হবে তফসিল রেকর্ড করার জন্য।
