
জামালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুস সাত্তারের নির্বাচনী গণসংযোগে হামলা চালানোর অভিযোগ উঠেছে যুবদলের বিরুদ্ধে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় বাজারে এ ঘটনা ঘটে। এ সময় জামায়াতের ১০ কর্মী-সমর্থক আহত হয়েছে।
জামালপুর-৫ (সদর) আসনে জামায়াতের এমপি প্রার্থী জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তারের অভিযোগ, দুপুরে কর্মী সমর্থকদের নিয়ে তিনি নির্বাচনি গণসংযোগ শুরু করেন। বানারেরপাড় বাজার এলাকায় পৌঁছালে রানাগাছা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাকিউল্লাহ শিপলুর নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের অন্তত ১০ জন কর্মী সমর্থক আহত হয়েছেন। তারা স্থানীয় বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা বানারেরপাড় বাজারের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের পর পাল্টা বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও যুবদল। জামায়াতের অভিযোগ মিথ্যা বানোয়াট বলে দাবি করেন তারা।
