
রাঙামাটি জেনারেল হাসপাতালে ঝুলন্ত অবস্থায় কর্তব্যরত এক নার্সকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরের দিকে হাসপাতালে নার্সদের চেঞ্জিং রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নার্সের নাম সাথী বড়ুয়া। তার বাড়ি শহরের দেবাশীষ নগরে। তিনি দুই সন্তানের জননী এবং তার স্বামী ব্যবসায়ী বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত দুই তিনদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার রাতে তার নাইট ডিউটি ছিল। কিন্তু তিনি শারীরিক অসুস্থতার জন্য অপরাগতা জানিয়ে ৬দিনের ছুটি নেন এবং শুক্রবার ভোরারাতে তিনি হাসপাতালে ভর্তি হন। বেডে অস্বস্তি বোধ করলে তিনি বেড ছেড়ে হাসপাতালের চেঞ্জিং রুমে আসেন।
দুপুরের দিকে হাসপাতালের আরেক নার্স সাধনা চাকমা চেঞ্জিং রুমে প্রবেশের চেষ্টা করলে দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেকক্ষণ চেষ্টার পরে রুমে প্রবেশ করে সাথী বড়ুয়ার গলায় ওড়না পেঁচানো অবস্থায় জানালার সঙ্গে ঝুলন্ত দেহ দেখতে পান।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাথী বড়ুয়া অসুস্থতা জনিত কারণে ছুটি নিয়েছিলেন, পরে হাসপাতালে ভর্তি হন। দুপুরের দিকে আমরা এই ঘটনার কথা জানতে পারি। আমরা ধারণা করছি, তিনি মানসিক চাপে বিপর্যস্ত ছিলেন।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত বলা যাবে।
