
গ্রিসের করফু থেকে শনিবার (১৬ আগস্ট) রাতে উড্ডয়নের পরপরই একটি বোয়িং ৭৫৭-৩০০ বিমানে থাকা প্রায় ৩০০ আরোহী এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়। জার্মান স্বল্পমূল্যের বিমান সংস্থা কনডর পরিচালিত এ বিমানের ডান দিকের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায় বলে সোমবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিমানটিতে ২৭৩ জন যাত্রী ও আটজন ক্রু ছিলেন। দুশেলডরফগামী এ ফ্লাইটটি এক ঘণ্টার মধ্যে ইতালির ব্রিন্দিসি শহরে জরুরি অবতরণ করে।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ডান পাশের ফিউজলাজ থেকে আতশবাজির মতো ঝলক বের হচ্ছে, যা পুরো ১৫ সেকেন্ড ধরে চলতে থাকে। আরেকটি ভিডিওতে দেখা যায় বিমানটি সম্ভবত এক ঝাঁক পাখির মধ্য দিয়ে উড়ে যাচ্ছে। বিমানবিষয়ক সংবাদমাধ্যম এফএল৩৬০ এয়ারো জানায়, সন্দেহ করা হচ্ছে, পাখির আঘাতের কারণেই ইঞ্জিন বিকল হয়ে যায়।
এনডিটিভি ভিডিওটির সত্যতা নিশ্চিত করতে পারেনি। তবে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট অনুযায়ী, ফ্লাইট ডিই৩৬৬৫ স্থানীয় সময় শনিবার রাত ৮টা ১৯ মিনিটে করফুর ইওয়ানিস কাপোডিস্ট্রিয়াস বিমানবন্দর থেকে উড্ডয়ন করার ৪৩ মিনিট পরই ব্রিন্দিসির কাসালে বিমানবন্দরে অবতরণ করে।
সংবাদমাধ্যমগুলো জানায়, ইঞ্জিনে আগুন ধরার পর পাইলট প্রথমে করফুতে ফেরার চেষ্টা করেছিলেন। পরে এক ইঞ্জিন চালু রেখে ব্রিন্দিসিতে নামানোর সিদ্ধান্ত নেন।
