
ঢাকা জেলা প্রতিনিধি
তিন মাস আগেই মেয়াদ ফুরিয়ে গেছে জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কমিটির। মেয়াদ শেষ হওয়ার পর থেকেই নতুন কমিটির গুঞ্জন ছড়াচ্ছে নানাভাবে। সম্ভাব্য প্রার্থীরা দিন-রাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন নতুন কমিটির শীর্ষ সারিতে জায়গা করে নিতে। কেউ আঞ্চলিক, কেউ ক্যাম্পাস, কেউবা রাজনৈতিক মন্ত্রী-এমপির বলয় ঘিরে তদবির করছেন।
তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ছাত্রদলের নতুন কমিটির একটি খসড়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের টেবিলে রয়েছে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসেবে তিনি বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করে কমিটি চূড়ান্ত করবেন।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মেয়াদ ফুরিয়ে গেছে। ২০২৪ সালের মার্চের শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কমিটি ঘোষিত হয়। রাকিবুল ইসলাম রাকিব সভাপতি এবং নাছির উদ্দীন নাছির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। যাদের মেয়াদ ছিল দুই বছর।
বিএনপির গুরুত্বপূর্ণ একটি অঙ্গ সংগঠনের একজন শীর্ষনেতা সময়ের আলোকে বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমাদের নিয়ে বসেছিলেন। তিনি সব অঙ্গ-সংগঠনের সবশেষ হালচাল জানার চেষ্টা করেছেন। সংগঠনকে কীভাবে আরও গতিশীল করা যায়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন। সরকারে থাকায় যাতে সংগঠন দুর্বল হয়ে না পড়ে সেদিকে সতর্ক থাকার কথা বলেছেন।
বিশেষ করে ছাত্রদলকে ক্যাম্পাস অঙ্গন শান্তিপূর্ণ রাখার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ছাত্রদলের কমিটি দিয়েই অঙ্গ সংগঠনগুলোর নেতৃত্ব হালনাগাদ করতে চান তারেক রহমান। কমিটির একটি খসড়া ইতিমধ্যে তৈরিও করেছেন।
ছাত্রবিষয়ক সম্পাদক ও সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবেন। তার মতামত, বিভিন্ন সরকারি-বেসরকারি নিরপেক্ষ সংস্থার রিপোর্ট ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কমিটি চূড়ান্ত করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
কারা পরবর্তী কমিটিতে আসতে পারেন- জানতে চাইলে ছাত্রদলের খোঁজখবর রাখেন বিএনপির এমন এক শীর্ষনেতা সময়ের আলোকে বলেন, এর পুরোটা আসলে প্রধানমন্ত্রীর সুচিন্তিত বিবেচনার ওপর নির্ভর করছে। তবে যতটা জানি ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানকে প্রধানমন্ত্রী রাজনৈতিকভাবে পছন্দ করেন। তার বিষয়টি অবশ্যই সামনের দিকে থাকবে।
এখন সেশন ও বয়সের বেশ কিছু সমীকরণ আছে। কবে কমিটি হতে পারে, জবাবে তিনি বলেন, শিগগিরই। সেটি যেকোনো সময়ে, বাজেটের আগে বা পরে হতে পারে।
ছাত্রদলের একজন শীর্ষনেতা সময়ের আলোকে জানান, সম্প্রতি সংগঠনের শীর্ষ কয়েকজন নেতাকে প্রধানমন্ত্রী গুলশানে ডেকেছিলেন। সেখানে ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের কাছে সরাসরি মতামত জানতে চান তারেক রহমান। পরবর্তী কমিটিতে তিনি থাকতে চান কি না সেই বিষয়টিও আলোচনায় উঠে আসে।
এক পর্যায়ে নাছির জানান, তিনি দ্বিতীয় মেয়াদে ছাত্রদলের নেতৃত্বে থাকতে চান না। তিনি মূল দল বিএনপির রাজনীতিতে সক্রিয় হতে চান বলে অভিপ্রায় প্রকাশ করেন।
সূত্র জানায়, ছাত্রদলের কমিটি ঘিরে আগের মতো ভাই ভাই বলয় না থাকলেও সক্রিয় আছে বকুল-এ্যানী (শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী)-নরসিংদী, বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর ময়মনসিংহ ও বরিশাল বলয়। ওইসব বলয়ের নেতারা ছাত্রদলের কমিটি ঘিরে বেশ তৎপর। তারা তাদের মাইম্যানকে শীর্ষে নিতে মরিয়া।
তবে বর্তমানে রাজনৈতিক প্রতিপক্ষ ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে ক্যাম্পাস ছাড়া। সেই কারণে তাদের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে জামায়াতে ইসলামীর সংগঠন ছাত্রশিবির। সব বাস্তবতা সামনে রেখেই এবারের ছাত্রদলের কমিটি নির্ধারণ হবে।
