
নিজস্ব সংবাদমাধ্যম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় নিহত নওগাঁর একই গ্রামের ছয় যুবকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে এক সারিতে রাখা ৬টি খাটিয়া নিয়ে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পাশাপাশি ছয়টি কবরে তাদের দাফন করা হয়।
এর আগে গত সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের মাঝে নিহত ১০ জনের মরদেহ হস্তান্তর করে টাঙ্গাইল জেলা পুলিশ। এর মধ্যে রাজেন্দ্রবাটি গ্রামের ছয়জনের মরদেহ আজ ভোরে গ্রামে এসে পৌঁছায়। বাকি চারজনের মরদেহ তাদের নিজ নিজ এলাকায় নিয়ে ভোরে জানাজা শেষে দাফন করা হয়েছে।
সকালে রাজেন্দ্রবাটি গ্রামে গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। আশপাশের গ্রাম থেকে আনা সারি সারি ৬টি খাটিয়ায় রাখা মরদেহ একনজর দেখতে ভিড় জমান হাজারো মানুষ। স্বজনদের কান্নায় পুরো গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে। একই গ্রামের এতগুলো তাজা প্রাণ একসাথে চলে যাওয়ায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানাজা শেষে রাজশাহীর বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ বলেন, ‘নিহত পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা ও শুকনা খাবার দেওয়া হয়েছে। এক গ্রাম থেকে এতজন মানুষের একসঙ্গে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতা করা হবে।’
উল্লেখ্য, গত সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে উল্টে পড়ে ১৫ জন নিহত হন। নিহতদের মধ্যে নওগাঁর বাসিন্দা ছিলেন ১০ জন, তারা পরিবারের সাথে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন।
