
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিককে (৩২) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ১ মে রাতে উপজেলার শ্যামগঞ্জ বাজারের ভগবতী মিষ্টি দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার (২ মে) দুপুরে আহতের ছোট ভাই জামাল মিয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার রাতেই অভিযান চালিয়ে গিয়াস উদ্দিন (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি রিয়েল আহমেদসহ কয়েকজন এলাকায় দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা ও চাঁদাবাজি করে আসছিলো। ঘটনার রাতে মনিরুজ্জামান মানিক এসব অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করলে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। এ সময় রামদা দিয়ে মানিকের মাথায় কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় জামাল মিয়া ও হারুন নামে আরও দু’জন আহত হয়। মানিক বর্তমানে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
