
নিজস্ব সংবাদদাতা
টানা তাপপ্রবাহ প্রশমিত হয়ে দেশজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বয়ে যাচ্ছে। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর ভারী থেকে অতিভারী বৃষ্টি, পাহাড়ি এলাকা ভূমিধ্বস, কালবৈশাখী ঝড় ও বজ্রপাত, সমুদ্রবন্দরে তিন নম্বর এবং নৌবন্দরসমূহে দুই নম্বর সতর্কবার্তা জারি করেছে। এ অবস্থা কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। দেশের আবহাওয়ার এ পরিস্থিতিকে দূর্যোগপূর্ণ বলে আখ্যায়িত করে ঝড় ও বজ্রপাতের বিষয়ে সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, ভারী বৃষ্টিপাতের ৯৬ ঘন্টার ও ঝড়ের ৪৮ ঘন্টার সতর্কবার্তা জারি করা হলেও আগামী ৩ মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আগামী বুধবার সারাদেশে কমবেশি বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণাঞ্চলে অর্থাৎ বরিশাল ও চট্রগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত ও ঝড় বয়ে যেতে পারে।
