
ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে রাকিবুল ইসলাম (২৭) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। তাকে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করার পর ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রাকিবের বাবার নাম তরিকুল ইসলাম খোকন। তার বাসা পুরান ঢাকার নিমতলি এলাকায়। রাকিব শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পেশায় একজন ভিডিও কনটেন্ট ক্রিয়েটর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক যুবককে গুলি ও কুপিয়ে আহত করা হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি ছিলো।
তাকে হাসপাতালে নিয়ে আসা জিএম ইশান জানান, কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। এগিয়ে গিয়ে দেখি, ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসি।
হাসপাতালে আহতের বন্ধু মো. রনি জানান, রাতে রাকিবসহ কয়েকজন মেয়ে বন্ধু শহীদ মিনারে পাশে চায়ের দোকানে চা খাচ্ছিল। এ সময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে শহীদ মিনারের উপরে গিয়ে দেখি, রাকিব রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
