
রাজশাহীর চারঘাট উপজেলায় অ্যাম্বুলেন্সের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার রাজশাহী-পাবনা সড়কের শিবপুর চুঙ্গাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন, উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা এলাকার হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী (২৫), একই গ্রামের মানসুর রহমানের ছেলে মারুফ আলী (২৫) ও বাদাল গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল আলী (২৫)।
পুলিশ জানিয়েছে, সন্ধ্যার দিকে তিন বন্ধু পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। এ সময় শিবপুর এলাকায় বিপরীত দিক থেকে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে তুহিন ও শিমুল ঘটনাস্থলেই মারা যান। আর মারুফকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
