
ঢাকা জেলা প্রতিনিধি
বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়ের শঙ্কা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিডব্লিউওটি)। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এদিকে, সম্ভাব্য এই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বিডব্লিউওটি।
বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, লঘুচাপটির কেন্দ্র থেকে ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের গড় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার। দমকা ও ঝোড়ো হাওয়াসহ এ গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এতে সাগর ধীরে ধীরে কিছুটা উত্তাল হয়ে উঠছে।
