
ঢাকা জেলা প্রতিনিধি
দুই সিটিতে সম্ভাব্য প্রার্থীদের শক্তি বিশ্লেষণ করলে দেখা যায়, উত্তরে মূল লড়াইটি হতে পারে সাবেক প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী অভিজ্ঞতা, এম এ কাইয়ুমের দীর্ঘদিনের সাংগঠনিক প্রভাব এবং বর্তমান প্রশাসক মিল্টনের প্রশাসনিক অভিজ্ঞতাকে ঘিরে। অন্যদিকে দক্ষিণে ইশরাকের তরুণ নেতৃত্ব, পুরান ঢাকার পারিবারিক ঐতিহ্য ও আগের নির্বাচনের অভিজ্ঞতার বিপরীতে রয়েছে আব্দুস সালামের নগর প্রশাসনের দীর্ঘ অভিজ্ঞতা এবং সোহেলের বিস্তৃত সাংগঠনিক বলয়। বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, শুধু দলীয় পরিচয় বা সাংগঠনিক পদ নয়— প্রার্থী বাছাইয়ে সাধারণ ভোটারের কাছে গ্রহণযোগ্যতা এবং প্রতিযোগিতামূলক নির্বাচনে জয় পাওয়ার সক্ষমতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে দক্ষিণে পুরান ঢাকা, নতুন যুক্ত হওয়া ওয়ার্ড এবং মধ্য ঢাকার ভোটারদের রাজনৈতিক মনোভাব ও স্থানীয় অগ্রাধিকার এক নয়। ফলে প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা সেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। একইভাবে উত্তরে গাবতলী, মিরপুর, বাড্ডা, ভাটারা, উত্তরা ও আব্দুল্লাহপুরের মতো বৈচিত্র্যময় এলাকার ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা নিশ্চিত করাও বিএনপির প্রার্থীর জন্য বড় চ্যালেঞ্জ হবে।
সিদ্ধান্তে এখনো ‘গ্রিন সিগন্যাল’ নেই : দলীয় সূত্র বলছে, দুই সিটির কোনো প্রার্থীকেই এখনও আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দেওয়া হয়নি। বিএনপির নীতিনির্ধারকরা নির্বাচন কমিশনের সময়সূচি এবং মাঠের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানিয়েছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন নিয়ে দলীয় হাইকমান্ডে আনুষ্ঠানিক আলোচনা এখনও শেষ হয়নি। দলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য, আগে নির্বাচনের সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে হবে। এরপর নীতিনির্ধারণী পর্যায়ে প্রার্থী নিয়ে আলোচনা হবে। প্রার্থী নির্ধারণ দলের গোপনীয় ও কৌশলগত বিষয় বলেও উল্লেখ করেছেন তিনি।
তৃণমূলে প্রস্তুতি, নজরদারিতে কাউন্সিলর প্রার্থীরাও : মেয়র প্রার্থী চূড়ান্ত না হলেও মাঠপর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি থানা ও ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম জোরদারে আটটি বিশেষ টিম গঠন করেছে। এসব টিম মাঠপর্যায়ে সংগঠনের অবস্থা, নেতাকর্মীদের তৎপরতা এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের ব্যক্তিগত আমলনামা, জনপ্রিয়তা ও সাংগঠনিক ভূমিকা নিয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন মহানগর দক্ষিণের নেতারা। ফলে জাতীয় নির্বাচনের পর ঢাকার দুই সিটি নির্বাচনকে সামনে রেখে বিএনপির রাজনীতিতে এখন মূল প্রশ্ন— জনপ্রিয় মুখ, নাকি পরীক্ষিত সংগঠক; সাবেক প্রার্থী, নাকি নতুন মুখ? শেষ পর্যন্ত কোন সমীকরণে হাইকমান্ড আস্থা রাখে, তার ওপরই নির্ভর করছে ঢাকার দুই সিটিতে বিএনপির ‘নগরপিতা’ হওয়ার দৌড়ে কে শেষ পর্যন্ত টিকিট পাচ্ছেন।
