
নিজস্ব প্রতিবেদক
চাঁদ দেখার ভিত্তিতে আগামী ১৮ কিংবা ১৯ ফেব্রুয়ারি শুরু হবে রমজান মাস গণনা। এরই মধ্যে রোজার মধ্যে জিনিসপত্রের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে বিরাজ করছে এক ধরনের উদ্বেগ-উৎকণ্ঠা। তবে পণ্যমূল্য বাড়ালেই দোকানদারদের এক লাখ দিরহাম তথা ৩৩ লাখ ৩১ হাজার টাকা (বাজার মূল্য অনুযায়ী এক দিরহাম সমান ৩৩ দশমিক ৩১ টাকা ধরে) জরিমানা করার ঘোষণা দিয়েছে আরব আমিরাত।
আমিরাতের অর্থনীতি ও পর্যটন মন্ত্রণালয় রমজান মাসে পণ্যের দাম না বাড়ানোর নীতি লঙ্ঘনকারী খুচরা বিক্রেতাদের জন্য ১ লাখ দিরহাম পর্যন্ত জরিমানার বিধান করেছে।
আইন লঙ্ঘনের ধরন অনুযায়ী, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে লিখিত সতর্কতা জারি এবং পরিস্থিতি সংশোধনের জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হতে পারে। এছাড়া অপরাধের মাত্রা ভেদে ৫০০ থেকে সর্বোচ্চ ১ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে।
অন্যান্য প্রশাসনিক পদক্ষেপের মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হতে পারে। গুরুতর অপরাধ বা বারবার নীতি লঙ্ঘনের ক্ষেত্রে অপরাধের গুরুত্ব অনুযায়ী আরো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
