
দেশের পাঁচটি বিভাগে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি এ পূর্বাভাস দেন।
পোস্টে তিনি জানান, বুধবার (৭ জানুয়ারি) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহের তীব্রতা বাড়তে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে বুধবার সকাল ৬টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে।
কুয়াশা পরিস্থিতি নিয়ে পলাশ বলেন, ইউরোপীয় ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, ফেনী, সিলেট ও সুনামগঞ্জ ছাড়া দেশের বাকি ৬১টি জেলার ওপর কুয়াশার উপস্থিতি রয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম ও সিলেট ছাড়া অন্য ছয়টি বিভাগের জেলাগুলো মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে যেতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকতে পারে।
তিনি আরও জানান, বুধবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জেলায় দুপুর ১২টার আগ পর্যন্ত সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা খুবই কম। অন্য বিভাগগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সূর্যের আলো দেখা যেতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারি মাসে দেশের ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে।
