
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেতরে জামায়াতে ইসলামীর সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক জোট নিয়ে মতবিরোধ আরও স্পষ্ট হয়েছে। জোটের বিরোধিতা করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর ৩০ নেতার স্মারকলিপির পর এবার উল্টো অবস্থান নিয়ে জোটের পক্ষে সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন দলের ১৭০ জন নেতা।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির সদস্য ইয়াহিয়া জিসান। তিনি জানান, দলের সাংগঠনিক ঐক্য জোরদার করা এবং দায়িত্বশীল সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাতেই এই চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে স্বাক্ষরকারীরা উল্লেখ করেন, কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীল নেতা হিসেবে দলের আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ কৌশলগত অবস্থান সংরক্ষণে তারা তাদের মতামত তুলে ধরছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্গঠন, প্রাতিষ্ঠানিক সংস্কার টেকসই করা এবং জনমুখী ও দায়বদ্ধ রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সময়োপযোগী ও কৌশলগত রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন বলে তারা মনে করেন।
এতে আরও বলা হয়, দলীয় ও জাতীয় স্বার্থ এবং গণতান্ত্রিক রূপান্তরের বৃহত্তর লক্ষ্য বিবেচনায় এনসিপি যদি কোনো রাজনৈতিক দল বা জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা বা জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে স্বাক্ষরকারীরা পূর্ণ সমর্থন দেবেন। নির্বাহী কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে আহ্বায়ক ও সদস্যসচিবের নেওয়া যেকোনো জোট বা নির্বাচনী সমঝোতা সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিও তারা আস্থা প্রকাশ করেন।
চিঠিতে বলা হয়, নাহিদ ইসলামের দূরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে এনসিপি একটি সময়োপযোগী, গ্রহণযোগ্য ও ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছাবে—যা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করবে এবং জনগণের আস্থা বাড়াবে। এ জন্য প্রয়োজনীয় ও যথাযথ সিদ্ধান্ত গ্রহণের প্রত্যাশাও জানানো হয়।
