
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গণপিটুনিতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ফখরুল ইসলাম মঞ্জু প্রকাশ বলি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মান্দার বাড়ির দরজায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বলি চৌমুহনী পৌরসভার ৯ নং ওয়ার্ডের খালাসী বাড়ির বদিউজ্জামানের ছেলে। তার বিরুদ্ধে দুটি ওয়ারেন্টসহ থানায় ৫-৬ টি মামলা রয়েছে। সে প্রশাসনের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ। বলিকে পিটিয়ে হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, সকালে চৌমুহনী বাজারের ব্যবসায়ী আব্দুল মোতালেবের ছেলে মিজানুর রহমান ২০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে চৌমুহনী বাজারের উদ্দেশ্যে বের হয়। পথে উপজেলার মনতাজ স্যারের বাড়ির সামনে পৌঁছালে বলি ও তার লোকজন মিজানকে সিএনজি চালিত অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে টাকা গুলো ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে গিয়ে বলিকে আটক করে গণপিটুনি দিলে সে মারা যায়।
তাৎক্ষণিক বিক্ষুব্ধ এলাকাবাসী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ করে এবং নিহত বলির আড্ডা খানায় হামলা চালায়।
এদিকে নিহতের বড় বোন শাহনাজ আক্তার অভিযোগ করে বলেন, সোমবার ভোর ৬টার দিকে বলি তার (শাহনাজ) মেয়ে টুম্পাকে দেখতে তাদের বাড়িতে যায়। সেখান থেকে সকাল সাড়ে ৭টার দিকে পুনরায় নিজের বাড়ি ফেরার পথে উপজেলার হাজীপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজায় পৌঁছালে ১৫ থেকে ২০জন কিশোর গ্যাং সদস্য তাকে সিএনজি থেকে নামায়। পরে তারা তাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। তার দাবি পূর্ব শত্রুতার জেরে তার ভাইকে হত্যা করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, বলির বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরকসহ ৫-৬টি মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
