
নোয়াখালীতে চা পান করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত ৩ কিশোরের মৃত্যু।
নোয়াখালীর চাটখিলে চা পান করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হওয়া তিন কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) সকালে ঢাকার পৃথক দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জয় ও রায়হান। এর আগে সোমবার (০১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যায় তাদের আরেক বন্ধু।
গত সোমবার রাতে চাটখিল পৌরসভার ত্রিঘরিয়া এলাকার দল্টা ভিটা ব্রিজের কাছে ঘটে দুর্ঘটনাটি। নিহত তিনজনই বদলকোট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। তারা হলেন- মধ্য বদলকোট গ্রামের হারুনুর রশীদের ছেলে হাসিবুর তানিম (১৬), কুরিয়ার বাড়ির মানিক মিয়ার ছেলে মো. জয় (১৬) এবং একই ইউনিয়নের মো. রায়হান (১৭)।
স্থানীয় সূত্র জানায়, রাতে চার বন্ধু একটি মোটরসাইকেলে পাঁচগাঁও এলাকায় চা পান যান। সেখান থেকে ফেরার পথে দল্টা ভিটা ব্রিজ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এরপর সেটি ছিটকে অপর পাশের আরেকটি গাছে গিয়ে আঘাত হানে। এতে তিন কিশোর গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেন।
মঙ্গলবার রাতেই তানিমের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা। আহত জয় বুধবার সকাল পৌনে ৯টায় ঢাকার মালিবাগ পিপলস হাসপাতালে এবং রায়হান সকাল সোয়া ৯টায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বুধবার সন্ধ্যায় দুজনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, আমরা ঘটনাটি শুনেছি, তবে এ বিষয়ে কেউ থানায় লিখিতভাবে জানায়নি।
