
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েও রাজনৈতিক দলের সদস্য সচিব!
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর স্পষ্ট এবং গুরুতর লঙ্ঘন করে রংপুরের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে দেওয়া হয়েছে। শুধু বিধি লঙ্ঘনই নয়, এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং একাধিক শিক্ষিকাকে মানহানিকর ছবি দিয়ে হয়রানির মতো গুরুতর ফৌজদারি অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ৭০ সদস্যবিশিষ্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, যেখানে নগরীর মাহিগঞ্জ এলাকার ভিআইপি শাহাদাৎ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এরশাদ হোসেনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি–২৫ (১) অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর রাজনৈতিক দল বা তাদের অঙ্গ সংগঠনের সদস্য হওয়া এবং রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অথচ এনসিপির একাধিক নেতা জানিয়েছেন, গণঅভ্যুত্থানের পর থেকেই এরশাদ হোসেন সক্রিয়ভাবে দলটির রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছেন
