
নভেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২, মবে নিহত ১
নভেম্বরে আওয়ামী লীগের ১৭১৪ জন এবং বিএনপির নেতাকর্মী ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নভেম্বর মাসে কমপক্ষে ৯৬ টি “রাজনৈতিক সহিংসতার” ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১২ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৮৭৪ জন। এ মাসে গণপিটুনী ও মব সহিংসতার কমপক্ষে ২০ টি ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৬ জন এবং আহত হয়েছেন ১১ জন।
বাংলাদেশের ১৫ টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এর সংগৃহীত তথ্যের ভিত্তিতে ২০২৫ সালের নভেম্বর মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সংস্থাটি বলছে, নভেম্বর মাসে রাজনৈতিক সহিংসতা ও নিহতের সংখ্যা অক্টোবর মাসের তুলনায় বেড়েছে । গত অক্টোবর মাসে ৬৪ টি “রাজনৈতিক সহিংসতার” ঘটনায় নিহত হয়েছিলেন ১০ জন এবং আহত হয়েছিলেন ৫১৩ জন। নভেম্বর মাসে সহিংসতার ৯৬টি ঘটনার মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে ৪২টি ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫১২ জন ও নিহত ১০ জন । এছাড়া ৯টি বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ৫২ জন, ৬টি বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ৪১ জন, ১৫টি বিএনপি-অন্যান্য দলের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ১৫৫ জন এবং ২৪ টি ঘটনা ঘটেছে বিভিন্ন দলের মধ্যে। এতে আহত হয়েছেন ৯১ জন এবং নিহত হয়েছেন ১ জন । নিহত ১২ জনের মধ্যে বিএনপির ১১ জন ও জেএসএস গ্রুপের ১ জন।
নভেম্বর মাসে কমপক্ষে ১৭৭ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন অন্তত ৪৮ জন, যাদের মধ্যে ২৫ জন (৫২%) ১৮ বছরের কম বয়সী শিশু ও কিশোরী। ১৩ জন নারী ও কন্যা শিশু গণধর্ষনের শিকার হয়েছেন এবং ধর্ষনের পর হত্যা করা হয়েছে ২ জনকে। ৩৬ জন নারী ও কন্যা শিশু যৌন নিপীড়ণের শিকার হয়েছেন তার মধ্যে শিশু ১১ জন। এছাড়া, যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন ৩ জন এবং আহত হয়েছেন ৫ জন নারী । পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ২৯ জন, আহত হয়েছেন ৩২ জন এবং আত্মহত্যা করেছেন ২৪ জন নারী।
